উত্তরদিনাজপুর

গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে, গ্রেফতার ১

এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার শীতগ্রাম এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম দুকনি খাতুন (২৭)। এই ঘটনার জড়িত মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির ৭ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলেই পলাতক। পুলিশ শুধুমাত্র মৃতের জা-কে গ্রেফতার করেছে। 

        পরিবার সুত্রে খবর, বছর ছয়েক আগে এলাকার যুবক হবিবুর মহম্মদের সাথে ভালোবেসে বিবাহ করে দুকনি খাতুন। তাদের চার বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে রয়েছে। দুকনি ও হবিবুরের বিয়েতে অমত থাকায় দুকনির শ্বশুরবাড়ির সাথে মিল ছিলনা দুকনির। গ্রামবাসীরা জানিয়েছেন, বিভিন্ন কারনে শ্বশুড়বাড়ির লোকেদের সাথে গন্ডোগল লেগেই থাকতো দুকনির। বহুবার গ্রামবাসীরা তাদের মিমাংসাও করেছে। এদিকে দুকনির স্বামী হবিবুর মহম্মদ ভীন রাজ্যে শ্রমিকের কাজ করে। স্বামী কাজের সুত্রে বাড়ির বাইরে থাকায় দকুনির শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অত্যাচার করতো বলে অভিযোগ।  এদিকে কয়েক বছর ধরে দুকনির স্বামীও তার বাড়ির লোকেদের কথা শুনে স্ত্রীর ওপর নির্যাতন চালানোতে সায় দিয়ে আসছিল বলে অভিযোগ। রবিবার রাতে ফের অশান্তি শুরু হয়। এরপর শ্বশুরবাড়ির লোকেরা দুকনিকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।  খবর পেয়ে সোমবার রায়গঞ্জ থানার পুলিশ দুকনি খাতুনের মৃতদেহ রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং মৃতার শ্বশুরবাড়ির পলাতক লোকেদের তল্লাশি শুরু করেছে।